রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েক জন আহত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী বলেন আর কে মিশন রোডে স্থানীয় সয়ম দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
তিনি জানান, বিএনপি প্রার্থী ইশরাক হোসেন মতিঝিল এলাকায় তার নির্বাচনী প্রচারণা শেষ করে গোপীবাগ এলাকায় তার নিজের বাসায় ফিরছিলেন। সেখান থেকে প্রায় ২০০ গজ দূরে আওয়ামী লীগের একটি কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
“সেসময় আওয়ামী লীগের ২০-২৫ জন সদস্য রাস্তায় দাঁড়িয়ে ছিল। এর পরে হাতাহাতি এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।”
স্থানীয় আরেকটি টেলিভিশনের সাংবাদিক আশেকীন প্রিন্স জানান, আর কে মিশন রোডে আওয়ামী লীগের কার্যালয়টি মূলত একটি নির্বাচনী ক্যাম্প। এটি একটি দোতলা ভবন। যার তিন তলার নির্মাণ কাজ চলছে।
তিনি বলেন, “ভবনটির দোতলায় কিছু সমর্থক ছিলেন যারা হাতাহাতির সময় উপর থেকে ইট-পাটকেল এবং চেয়ার ছুড়ে মারে। এতে সংবাদকর্মীসহ কয়েক জন আহত হয়।”
মিস্টার প্রিন্স বলেন, সংঘর্ষের সময় শুরুতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়। কিন্তু কারা গুলি ছুড়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।


